পরিচ্ছন্ন পূর্বধলা গড়তে মাঠে এমপি মাছুম মোস্তফা - ভোরের সময় অনলাইন পরিচ্ছন্ন পূর্বধলা গড়তে মাঠে এমপি মাছুম মোস্তফা

বেকিং নিউজ

[getTicker results="10" label="random" type="ticker"]

Header Adds


পরিচ্ছন্ন পূর্বধলা গড়তে মাঠে এমপি মাছুম মোস্তফা



নেত্রকোনার পূর্বধলা উপজেলা-এ পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্লাস্টিক বর্জ্যমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে “পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযান–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা এরিয়া প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৯ মার্চ) সকালে পূর্বধলা রৌশনারা রোড থেকে প্রচারাভিযান শুরু হয়। পরে পূর্বধলা বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান।

প্রচারাভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। এ সময় রৌশনারা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এসময় দলীয় কার্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করা হয়।

পূর্বধলা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার কাজল দ্রংয়ের সভাপতিত্বে এবং উপজেলা যুব ফোরামের প্রতিনিধি এরিনা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। পরিচ্ছন্নতা বাদ দিয়ে ঈমানদার হওয়া যায় না।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে নিজে এবং জামায়াতের নেতাকর্মীদের সম্পৃক্ত রাখার কথা জানান।

তিনি বলেন, আমিরে জামায়াত শফিকুর রহমান শপথ গ্রহণের পর প্রথমেই পরিষ্কার-পরিচ্ছন্নতা দিয়ে অভিযান শুরু করেছেন। আমাদের আমিরে জামায়াত সকল সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছেন—নির্বাচনী এলাকায় যাওয়ার পর প্রথম কাজ হবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করা। সেই নির্দেশনা অনুসারে তিনি ঢাকা থেকে ফিরে নিজ গ্রামের প্রাইমারি স্কুল, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি শুধু বাহ্যিক পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের মানসিক পরিচ্ছন্নতাও জরুরি। মানসিক পরিচ্ছন্নতা অর্জন করতে না পারলে বাহ্যিক পরিচ্ছন্নতা টেকসই হবে না।

তিনি বলেন, আমাদের দুষ্ট মানসিকতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেখান থেকে মানুষকে বের করে আনার জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন, যাতে মানুষ মানসিক পরিচ্ছন্নতা অর্জন করতে পারে। মানুষ মানসিকভাবে পরিচ্ছন্ন হলে সামাজিকভাবেও আমাদের পরিবেশ পরিচ্ছন্ন হয়ে উঠবে।

এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এর ব্যবহার কমিয়ে আনার ক্ষেত্রে সবাইকে সংযমী হতে হবে। একটি সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পূর্বধলা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় যুব ফোরামের স্বেচ্ছাসেবী, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা এবং জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ